আরও ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

Seba Hot News
সেবা ডেস্ক:  একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ অঞ্চলের ৮ জন এবং পটুয়াখালী জেলার ৫ জনের (মোট ১৩ জন) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার (৪ মে) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের তথ্য জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান এবং জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক মিয়া।
ময়মনসিংহ অঞ্চলের ৮ জনের মধ্যে চারজন গ্রেফতার এবং অপর চারজন পলাতক রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গ্রেফতার হওয়া ৪ জন হলেন, মুক্তাগাছা থানার কচুয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও জাতীয় পার্টির নেতা মো. রেজাউল করিম (৬৫), একই থানার সুবর্ণখিলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও জাতীয় পার্টির সমর্থক এ বি এম ইউনুছ আলী (৬৫), সদর থানার বন বিভাগের সাবেক কর্মচারী ইউসুফ আলী (৬০) ও জামালপুর সদরের কৃষক মো. ওমর ফারুক (৭০)। পলাতকরা হলেন, মুক্তাগাছার বিএনপি সমর্থক কাজী বদিউজ্জামান (৬৫), মুক্তাগাছা সুবর্ণখিলা দাখিল মাদ্রাসার সাবেক দফতরি ও জামালপুর সদরের নাসির উদ্দিন (৬৪), একই থানার কৃষক মো. ইসমাইল (৬৫) ও সাবেক ইউপি সদস্য এ কে এম বেলায়েত হোসেন (৬৪)।
অপরিদকে পটুয়াখালী জেলার অভিযুক্ত ৫ জন গ্রেফতার রয়েছেন বলে জানান তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরা হলেন, সদর থানার মো. এছাহাক সিকদার (৮৩), আ. গণি হাওলাদার (৭২), মো. আওয়াল মৌলভী (৬৯), মো. আ. ছাত্তার প্যাদা (৬৫) ও সোলায়মান মৃধা (৮৬)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের ৮ জনের বিরুদ্ধে চার খণ্ডে ৪২২ পৃষ্ঠার প্রতিবেদনে ৮টি অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের ১ মে থেকে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। চলতি বছর ৪ মে তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. মতিউর রহমান ও মো. রুহুল আমিন অভিযোগের তদন্ত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ৪৬ জন সাক্ষী দিয়েছেন।
অপরদিকে পটুয়াখালীর ৫ জনের বিরুদ্ধে ৫০৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১৫ নারীকে ধর্ষণসহ সম্মিলিতভাবে ১৭টি অভিযোগ আনা হয়েছে। এ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা ছিলেন সত্য রঞ্জন রায়।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান