সেবা ডেস্ক:এ কে শান্তনূ ও মাছুম বিল্লাহ : প্রধানমন্ত্রী পুত্র ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও সাক্ষাত হয়েছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদির।দিল্লিতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের অন্তত দুই মাস আগে ওয়াশিংটন ডিসিতে জয়ের সঙ্গে তার এই সাক্ষাত হয়েছে বলে জানিয়েছেন মেন্দি সাফাদি।
ইউটিউবে আপলোড করা এক ভিডিও সাক্ষাতকারে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাতকারের কথাটি জানিয়েছেন ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও দলটির কূটনৈতিক বিষয়ক কমিটির সদস্য জাহিদ এফ সরদার সাদী ইউটিউবে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার মেন্দি সাফাদির ভিডিওটি আপলোড করেন। তবে সাক্ষাতকার গ্রহণকারীর পরিচয় পাওয়া যায়নি।
ওই সাক্ষাতকারে মেন্দি সাফাদি বলেনে, বাংলাদেশের অনেক লোকের সঙ্গে আমার ফেসবুকে যোগযোগ রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে যখন দিল্লি সফর করি তখনও বাংলাদেশের কিছু রাজনৈতিক ও মানবাধিকার কর্মীর সঙ্গে আমার সাক্ষাত হয়েছে।
তিনি বলেন, আমি আসলাম চৌধুরীর সঙ্গে দেখা করেছি এটা সত্য তবে তা কোন বৈঠক ছিল না। ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে আমি যাই, তখনি আমার আসলাম চৌধুরীর সঙ্গে দেখা হয়। ’
মেন্দি সাফাদি বলেন, আসলাম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের দুই মাস আগে আগে ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয় নামে বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাত হয়েছে।
এ সময় সাক্ষাতকার গ্রহণকারী টেলিভিশন পর্দায় প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখিয়ে বলেন ইনি কি সে ব্যাক্তি? উত্তরে সেন্দি সাফাদি বলেন, হ্যাঁ ইনিই সে ব্যাক্তি যার সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাত হয়েছিল।
মেন্দি সাফাদিকে প্রশ্ন করা হয়, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আপনি কি জানেন? জবাবে সাফাদি বলেন, আমি জানতাম তিনি বাংলাদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তবে তিনি যে প্রধানমন্ত্রীর পুত্র, তা আমার জানা ছিল না।
উল্লেখ্য, ভিডিওটি যিনি আপলোড করেছেন, তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পিরোজপুর-১ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। বর্তমানে তিনি আমারিকাতে অবস্থান করছেন।