সেবা ডেস্ক: শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের এমপি আতিউর রহমান আতিক বলেছেন, ‘শেরপুরে আর মতিয়া চৌধুরীর শাসন চলতে দেওয়া হবে না। শেরপুরে যদি কারও শাসন চলে, তবে সেটা শেখ হাসিনার নেতৃত্বেই চলবে। অন্যথায় দলের নেতা-কর্মীরা রাজপথে নামবে।’
তিনি ৯ মে সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ইউপি নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আতিক ইউপি নির্বাচনে মতিয়া চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, ‘মতিয়া চৌধুরী শান্ত শেরপুরকে অশান্ত করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি তার ইশারায় প্রশাসনকে ব্যবহার করে নৌকা প্রতিকের প্রার্থীদের পরাজিত করে আমার অবস্থানকে খাটো করার ষড়যন্ত্র করেছেন।’
তিনি বলেন, ‘সরকারি প্রোগ্রাম দিয়ে এলাকার একটি হাইস্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে যেখানে একটি চা পানের সময় পর্যন্ত ব্যয় করা হয়নি, সেই এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নামে অপপ্রচার ও ধুম্রজাল সৃষ্টির মাধ্যমে নৌকার বিজয় ঠেকানো এবং আমাকে খাটো করার ষড়যন্ত্র হয়েছিল।’
শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাজিতখিলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আমির আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাতশালা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।