‘সাধারণ উচ্চশিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা উত্তম’

Seba Hot News
সেবা ডেস্ক:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাই বেকারত্ব দূর করার অন্যতম পথ। সাধারণ উচ্চশিক্ষা নিয়ে বছরের পর বছর বেকার থাকার চেয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাগ্রহণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা উত্তম।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত ‘আসন্ন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পরিচালনা বিষয়ে কেন্দ্রসচিবদের করণীয়’শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
চীন, জাপান, কোরিয়া ও সিঙ্গাপুরসহ উন্নত দেশসমূহে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ৬০ শতাশেংর ওপরে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে আমরা কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ২০ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ৩০ শাতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা ৬০ শতাংশ।
তিনি বলেন, আমরা কারিগরি শিক্ষার অবকাঠামো, জনবল কাঠামো, শিক্ষাক্রম ও শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রই ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট, প্রতি উপজেলায় কারিগরি স্কুল, বিশ্বমানের টেকনিক্যাল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, প্রতি বিভাগে মহিলা পলিটেকনিক স্থাপন, ৪টি ল্যান্ড সার্ভে কলেজ, ৩টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের কাজ চলছে।
শিক্ষামন্ত্রী জানান, পলিটেকনিকসমূহে নতুন আরো এক লাখ শিক্ষার্থী ভর্তির লক্ষে বিদ্যমান পলিটেকনিকসমূহের অবকাঠামোগত সংস্কার, নতুন ২৩টি বিশ্বমানের পলিটেকনিক স্থাপনসহ নতুন ১২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে এ খাতে ৫টি প্রকল্প চালু রয়েছে। এ বছর দেশের ৪৯টি পলিটেকনিক ও ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত ২৫ হাজার ৫শ’জন শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
নাহিদ বলেন, কারিগরি শিক্ষা সম্পূর্ণভাবে প্রয়োগমূখী বাস্তবভিত্তিক শিক্ষা। শুধু সার্টিফিকেট অর্জন করে এ ক্ষেত্রে কোনো লাভ হবে না। সাধারণ শিক্ষার ন্যায় এক্ষেত্রেও শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, বোর্ড কর্তৃক প্রশ্নপত্র প্রণয়ন, সংরক্ষণ ও সরবরাহ, ট্রেজারি থেকে প্রশ্নপত্র নেয়া ও খোলা, পরীক্ষাগ্রহণসহ সকল স্তরে সতর্কতার সঙ্গে নিয়ম-কানুন পালন করা এবং পরীক্ষা চলাকালীন বিধিবদ্ধ সকল নির্দেশনা যথাযথভাবে মানতে হবে। ব্যত্যয় ঘটলে শাস্তি।
সরকারি প্রতিষ্ঠানসমূহের ল্যাব ও ওয়ার্কশপ সুবিধা তুলনামূলকভাবে ভালো থাকার বিষয় উল্লেখ করে তিনি সকল সরকারি প্রতিষ্ঠানে ব্যবহারিক ক্লাস নিশ্চিত করার পাশাপাশি নিজ নিজ এলাকার অন্যান্য বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, মো: হেলাল উদ্দিন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড, জীনাত ইমতিয়াজ আলীসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন।
এ সময় দেশের সরকারি-বেসরকারি ২৫৮টি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,জাতীয় ও বিশ্বচাহিদার পরিপ্রেক্ষিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন বা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে এদেশের নতুন প্রজন্মের অধিকাংশকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান