গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, বাসাইলের কাশিল বটতলা এলাকায় একটি বাসায় কিশোরীকে আটকে রেখে এক মাস ধরে ‘ধর্ষণ’ করেছেন তারা।
বাশাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম খান দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণের ঘটনায় বাদী হয়ে কিশোরীর মা শুক্রবার বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।
কিশোরীর পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে বাসাইলের পিচুরী গ্রামের বাসিন্দা আলী আকবরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কিশোরীর।
এক পর্যায়ে আলী আকবর ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে ১৪ এপ্রিল কিশোরীকে সাভারের একটি বাসায় নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করে। পরে তার বন্ধু ফুলচান তাকে বাসাইলের বাসায় এনে অন্য বন্ধুদের নিয়ে ‘পালাক্রমে ধর্ষণ’ করে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন কিশোরীর মা।
একপর্যায়ে কিশোরী পালিয়ে বৃহস্পতিবার টাঙ্গাইল র্যাব-১২-এ গিয়ে অভিযোগ করে। তার অভিযোগের প্রেক্ষিতেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি নুরুল।
নির্যাতিত কিশোরীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
