আইপিএলকে ঘিরে বাংলাদেশে রমরমা জুয়ার আসর

Seba Hot News
সেবা ডেস্ক:  ভারতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ঘিরে দেশব্যাপী চলছে জুয়ার রমরমা আসর। বিশেষ করে রাজধানী ঢাকায় জুয়ার আগ্রাসনটা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। নগরীর অলিগলিতে ছোটখাটো চা দোকান থেকে শুরু করে অভিজাত হোটেলগুলোতে চলছে জমজমাট জুয়া। কেবল ম্যাচের জয়-পরাজয় নিয়েই নয়, প্রতি ওভারে এমনকি বলে বলেও বাজি ধরছেন বাজিকররা। এ নিয়ে মারামারি থেকে শুরু করে আত্মহত্যার মতো ঘটনার কথাও শোনা গেছে। আবার অনেকেই হারাচ্ছেন সর্বস্ব।
তারপরও ক্ষ্যান্ত হয়নি জুয়াড়িরা। তবে, এমন বেপরোয়া জুয়া বন্ধে প্রশাসনেরও কোনও তৎপরতা চোখে পড়ছে না।
ফয়সাল আহমেদ নামের এক চা দোকানদার বলেন, ‘আমার দোকানে সন্ধ্যার পর অনেকে খেলা দেখতে এসে বাজি ধরে। আমি না করলে ওরা আমাকে বিভিন্ন হুমকি দেয়।’
কলেজ শিক্ষার্থী শাহিন প্রশাসনের ভূমিকা নিয়ে বলেছেন, ‘মাঝে মধ্যে মহল্লার দোকানে চা খেতে গেলে দেখি বাজির কাণ্ড। এমন খোলামেলাভাবে বাজির দৃশ্য দেখে আমি হতাশ হয়েছি। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাজিকরের মাধ্যমে জানা যায়, প্রতিটি খেলায় কমপক্ষে ২ লক্ষ টাকার বাজি ধরা হয়। প্রতিদিন তাদের মোটা অঙ্কের টাকা আয় হয়। আবার এ বাজিতে অনেকেই টাকা হারিয়ে নিঃস্ব হচ্ছে। নতুন প্রজন্মের ছেলেরা এতে উৎসাহিত হচ্ছে বেশি।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, ‘এ ধরনের বাজি বা জুয়ার কথা প্রায়ই শোনা যায়। তবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আর আমরাও কোনও খোঁজ পাইনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
এমন নিগৃহ জুয়ার ছোবলে আজ কলুষিত ক্রীড়াঙ্গন। ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, বদলে যাওয়া বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যে স্বপ্ন বুনছে এদেশের লক্ষ-কোটি মানুষ, সেই স্বপ্নের অঙ্গণটি যেন বাজির কালো ছায়ায় কলঙ্কিত না হয়। সেজন্য এ ধরনের বাজি বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ক্রিকেটবোদ্ধারা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান