নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপ পর্যন্ত নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সংঘর্ষ এবং নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে ১১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ২৮ মে শনিবার দেশের ৪৪ জেলার ৮৬ উপজেলার ৭২০ ইউপিতে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ ও গুলির ঘটনায় চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও জামালপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সদস্য প্রার্থী রয়েছেন। এ সময় বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তির আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর বাজারে মো. ইয়াছিন (৪২) নামে এক ইউপি সদস্য প্রার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বোয়ালখালী উপজেলায় নির্বাচনী সহিংসতায় পৃথক ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ এবং আটজন আহত হয়েছেন। কর্ণফুলি থানার পশ্চিম শাহমীরপুর এলাকায় নির্বাচনী সহিংসতায় আহতদের মধ্যে মোহাম্মদ হোসেন (৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, জেলার দেওয়ানগঞ্জে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে হামলা-সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাসে প্রতিপক্ষের হামলায় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন নিহত হয়েছেন।শনিবার (২৮ মে) বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরছার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার সালমারা ইউনিয়নের জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থী শাহানা আকতার এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বকুল’র (মোটরসাইকেল) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। নির্বাচনে নাশকতার অভিযোগে পুলিশ তিনজকে আটক করেছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় নাসির উদ্দীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ আনসার নারীসদস্যসহ ২৬ জন ।
জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শনিবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ২৬ মে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন জানায়, ইউপি নির্বাচনের চতুর্থ ধাপ পর্যন্ত ১০১ জনের প্রাণহানি ঘটেছে এবং আহতের সংখ্যা অন্তত আট হাজার। প্রাণহানির ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং তা চলছে দীর্ঘমেয়াদিভাবে।
একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে সুজন আরো জানায়, অতীতের ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোর প্রাণহানির তথ্য অনুসন্ধান করে দেখা যায় যে, ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩ ও ১৯৯২-এ প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে ১৯৮৮ সালে ৮০ জন, ১৯৯৭ সালে ৩১ জন, ২০০৩ সালে ২৩ জন এবং ২০১১ সালে ১০ জনের প্রাণহানি ঘটেছে।
অতীতের নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ১৯৮৮ সালে। এ কারণে ওই সালের ইউপি নির্বাচনকে সবচেয়ে খারাপ নির্বাচন আখ্যায়িত করা হয় বলেও জানায় সুজন।
সুজনের দেওয়া প্রাণহানির তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, চতুর্থ ধাপ পর্যন্ত নিহতদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন। এদের মধ্যে নির্বাচন-পূর্ব সংঘর্ষে ৪৫ জন, নির্বাচনকালীন সংঘর্ষে ৩৬ জন এবং নির্বাচর পরবর্তী সংঘর্ষে ২০ জন মারা গেছে।
তবে রাজধানীর আগারগাঁওয়ে ইসি মিডিয়া সেন্টারে শনিবার ভোটগ্রহণ পরবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন বলেন, ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণে ভোট জালিয়াতির ঘটনা অপেক্ষাকৃত কমলেও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়েছে। ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন পোলিং কর্মকর্তা নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
ইউপি নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বরাবরের মতো সরকারি দলের ক্যাডাররা রক্তাক্ত সহিংসতা, ভোট চুরি, ভোটলুট, আতঙ্ক, আধিপত্য বিস্তার করেছে। নির্বাচনী পরিবেশে আহাজারি আর হাহাকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। ইউপি নির্বাচন নিয়ে সরকারি এজেন্ডা বাস্তবায়ন করতে তাদের (নির্বাচন কমিশন) স্বার্থান্ধতা, ঔদ্ধত্য, অহিষ্ণুতা, সন্ত্রাস, অন্যায়-অনাচার নির্লজ্জভাবে সমর্থনকারী হিসেবেই বিবেচিত হলেন। এদেশে নির্বাচনী ইতিহাসে তারাই এক কলঙ্কজনক অধ্যায় রচনা করলেন।
এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠু হয়েছে। বিএনপি এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে অংশ নিয়েছিল।
এ প্রসঙ্গে সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ‘আমরা মনে করি যে, প্রতিযোগিতার মনোভাব থেকে গ্রহণ না করে যে কোনো মূল্যেই জয়ী হওয়ার আকাক্সক্ষাই নির্বাচনী সহিংসতার বড় কারণ। আর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেও পার পাওয়া গেলে সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, নিহত সর্বমোট ১০১ জনের মধ্যে চেয়ারম্যান পদের নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা বা বিরোধেই প্রাণ গিয়েছে ৬৩ জনের। পাশাপাশি এই নির্বাচনে আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে কখনই নির্বাচন কমিশনকে আমরা কঠোর অবস্থানে দেখিনি। এটাও সহিংসতায় বৃদ্ধির বড় কারণ।’
সূত্রঃ দ্য রিপোর্ট