কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে একই গ্রামের ৫ নারী আনসার সদস্য মারা গেছেন। উপজেলার গোড়াওত্রা নদীর বাজার ঘাট এলাকায় রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন বিউটি আক্তার (২৯), হাসনা বেগম (৩১), নাবিনা আক্তার (৩০), আম্বিয়া খাতুন (২৯) ও মোমেনা বেগম (৩৯)। তাদের সবার বাড়ি জেলার নিকলী উপজেলার দামপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কার্যক্রম শেষে রোববার ভোরে ট্রলারে করে বাড়ি ফেরার জন্য রাতেই অর্ধশতাধিক আনসার সদস্য মিঠামইন বাজারে রাত্রিযাপন করেন। পরে ট্রলারে উঠতে ভোর ৫টার দিকে সকলেই নদীর বাজার ঘাটে যায়। এ সময় সকলেই তাড়াহুড়া করে উঠার সময় অতিরিক্ত যাত্রী উঠলে ট্রলারটি ঘাটের কাছে ডুবে যায়। অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৫ নারী আনসার সদস্য ডুবে মারা যান। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।
মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।