৭১৭ ইউপিতে ভোট চলছে

Seba Hot News
সেবা ডেস্ক: 

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭১৭ ইউনিয়ন পরিষদ  (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর‌্যন্ত।
ভোট গ্রহণের প্রথম ঘণ্টায় কুমিল্লার একটি কেন্দ্রে ককটেল হামলার ঘটনায় ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। যা থাকবে শনিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটগ্রহণ কর্মকর্তারা শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেছে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম।
দলভিত্তিক তৃণমূলের এ নির্বাচনে আগের চারধাপের মতোই এবারও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও নানা অভিযোগের মধ্যে শনিবার ৭১৭ ইউপিতে ভোট হতে যাচ্ছে। এতে ৩ হাজারেরও বেশি চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থী রয়েছে প্রায় ৩০ হাজার।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত সাড়ে তিন মাসে নির্বাচনী সহিংসতায় অন্তত ৮০ জনের প্রাণহানি ঘটেছে। সংঘর্ষ-হামলার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো.শাহনেওয়াজ পরিবর্তন ডটকমকে বলেন,“ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসে ততই গোলযোগের প্রবণতাও বাড়ে। কিছু কিছু অভিযোগও এসেছে আমাদের কাছে। আমরা সব বিষয়ে সজাগ রয়েছি। কেউ যেনো প্রভাব বিস্তার না করে, গোলযোগের চেষ্টা না করে এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে মাঠ কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছি।
এ সময় তিনি এ ধাপে আগের চার ধাপের তুলনায় আরও সুন্দর ভোটের আশা রাখেন। ভোটারদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,আর সুষ্ঠু ভোটের কোনো সম্ভাবনা আর নেই,এখন চলছে ‘ভোট ডাকাতি’।
বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কেন্দ্রদখল করে জয় নিশ্চিত করছে।
বারবার ইসিতে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
পঞ্চম ধাপের ভোটকে সামনে রেখে সিইসি ইতোমধ্যে বলেছেন, সহিংসতা যাতে না ঘটে সে বিষয়ে সজাগ রয়েছি। আশা করছি, আগামীতে অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট করতে সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সমর্থকদের বলছি- ধৈর্য্য ধরেন। কারও মাথায় বাড়ি মেরে বা নিজেদের মধ্যে হানাহানির প্রয়োজন নেই।  আশা করি, চতুর্থ ধাপের তুলনায় আগামী দুই ধাপের নির্বাচন অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ হবে।
ইসির তথ্য মতে, এ ধাপে  ভোট ৪৫ জেলার ৯৩ উপজেলার ৭১৭ ইউপিতে ১ কোটি ১০ লাখের বেশি  ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪২ জন, সংরক্ষিত সদস্য পদে তিনজন ও সাধারণ সদস্য পদে ৯ জন ইতোমধ্যেবিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ধাপের ভোটে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে মোট ১৫টি রাজনৈতিক দলের ১ হাজার ৭২৭ জন ও ১ হাজার ৫২২ জন লড়ছেন স্বতন্ত্র হিসেবে। দুইটি ইউপিতে আওয়ামীলীগের কোনো প্রার্থী নেই। বিএনপির প্রার্থী নেই ১০০ইউপিতে।  দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৭২৬ ইউপিতে, ৬২৯, জাতীয় পার্টি ১৭৭টি, জাসদ ২১টি, বিকল্পধারা ২টি, ওয়ার্কার্স পার্টি ১৩টি, ইসলামী আন্দোলন ১২২টি, জেপি ২টি, ইসলামী ফ্রন্ট ১১টি, এলডিপি ৬টি,সিপিবি ৫টি, জেএসডি ১টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৬টি, বাংলাদেশইসলামী ফ্রন্ট ৭টি এবং অপর একটিদল ১ ইউপিতে প্রার্থী দিয়েছে।
নির্বাচনী দায়িত্বে রয়েছে এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য।
ইসি সূত্র জানায়, এধাপেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনে কোনো পরিবর্তন না হয়নি। আগের মতোই তাদের মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এধাপেও কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়নি কমিশন।
এ বিষয়ে ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান পরিবর্তন ডটকমকে জানান, পঞ্চম ধাপের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন।এ ধাপেও আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এরই মধ্যে ২২ মার্চ, ৩১ মার্চ, ২৩ এপ্রিল ও ৭ মে চার ধাপের ভোট শেষ হয়েছে। ছয় ধাপের এ ভোটের জন্য গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়। ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হবে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান