ব্রাজিল দল থেকে কাকাকে প্রত্যাহার করা হলো শেষ মুহূর্তে। আর তিনদিন পরই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের কোপা। এই সময় আরেকটি ধাক্কা। ইনজুরি তাদের পিছু ছাড়ছেই না।
এখন আমেরিকার মেজর সকার লিগে খেলেন মিডফিল্ডার কাকা। ফিফার সাবেক বিশ্বসেরা খেলোয়াড়ের এই অভিজ্ঞতাটা ব্রাজিলের কাজে লাগতে পারতো। কারণ, এবারের আসরটি বসছে আমেরিকাতেই। কিন্তু লস অ্যাঞ্জেলেসে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়লেন। ব্রাজিল ফুটবল সংস্থার কর্মকর্তা গিলমার রিনালদি জানালেন, "অনুশীলনে সমস্যা হলো কাকার। এমআরআই করালে দেখা গেলো সামান্য সমস্যা হয়েছে। চিকিৎসকরা বলছে, তার সেরে উঠতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।"
কাকার জায়গায় ব্রাজিল দলে আসছেন সাও পাওলোর পাওলো হেনরিক গানসো। কাকাসহ ৫ খেলোয়াড়কে ইনজুরির কারণে কোপায় হারাতে হলো ব্রাজিলকে। বায়ার্ন মিউনিখের দগলাস কস্তা ইনজুরিতে পড়ায় তার জায়গায় দরে ঢুকেছিলেন কাকা। ইনজুরির কারণে খেলা হচ্ছে না রিকার্দো অলিভেইরা সান্তোস, এডারসন ও রাফিনহার। শুক্রবার শুরু হচ্ছে এবারের বিশেষ কোপার আসর।