সেবা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালির সরকারদলীয় সংসদ সদস্যের হাতে নির্বাচন কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে বাঁশখালির উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে কমিশন।বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের সচিব সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচন কর্মকর্তাকে মারধরের কারণে বাঁশখালী উপজেলার সব নির্বাচন বন্ধ করা হয়েছে। স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা এই মামলা করবেন।’
তবে রাতে প্রতিবেদকের সাথে আলাপকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন বলেন, আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জেনেছি। তবে এ ব্যাপারে এখনো লিখিত নির্দেশনা আমার হাতে আসেনি। লিখিতপত্র পাওয়ার পর পরই আমরা মামলা দায়ের করব। হয়তো আগামীকাল বৃহস্পতিবার মামলা করতে পারব।’
এর আগে বুধবার দুপুরে বাঁশাখালীতে নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে।
উপজেলার নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনের অভিযোগ, বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে সাংসদ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন।
নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করে সাংসদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি। যা বলা হচ্ছে ওসব মিথ্যা কথা।’
এ বিষয়ে কথা বলতে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলেননি।