‘অস্থিমজ্জা প্রতিস্থাপনে দেশেই খরচ কম’

Seba Hot News
‘অস্থিমজ্জা প্রতিস্থাপনে দেশেই খরচ কম’সেবা ডেস্ক: 
 অস্থিমজ্জা প্রতিস্থাপনে বিদেশের চেয়ে দেশেই খরচ কম বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের অস্থিমজ্জা প্রতিস্থাপন বিভাগের ২ বছর পূর্তি উপলক্ষে প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিকেলে যে অস্থিমজ্জা প্রতিস্থাপন শুরু হয়েছে সেজন্য আমি খুবই আনন্দিত। অনেক কম খরচে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা অনেক ক্ষেত্রে বিনা পারিশ্রমিকেও চিকিৎসা দিচ্ছেন। কিন্তু দেশের বাইরে গেলে সেটা সম্ভব না। দেশেই অনেক কম খরচ হয়।’
তিনি বলেন, ‘এ চিকিৎসায় আমাদের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হবে। প্রধানমন্ত্রীর সহায়তায় যতটুকু সম্ভব তার সবই করব।’
সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা মানুষের সামনে বিষয়টি তুলে ধরেন। তাহলে অনেক মানুষ উপকৃত হবে।’
দুস্থ রোগীদের জন্য আলাদা কোনো তহবিল গঠন করা হবে কি না―জানতে চাইলে তিনি বলেন, ‘দুস্থ রোগীদের জন্য আলাদা তহবিল গঠন সম্ভব না, তবে যতটুকু সম্ভব আমরা সহায়তা করব।’
এ সময় তিনি বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যদি এ রোগীদের জন্য এগিয়ে আসেন তাহলে এ চিকিৎসা আরও সফলকাম হবে। রোগীরাও উপকৃত হবে।’
‘নার্সদের আন্দোলনের ব্যপারটি ঝুলে আছে, এ ব্যাপারে আপনারা কী উদ্যোগ নিচ্ছেন’ এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘ঝুলে আছে বলে আমার জানা নাই। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল পরীক্ষা দেবে কি না, তারা বলেছে দেবে। পরীক্ষা নেওয়া হয়েছে, তারাও পরীক্ষায় অংশ নিয়েছে।’
অস্থিমজ্জা প্রতিস্থাপন বিভাগের প্রধান ডা. এম এ খান বলেন, ‘২০১৩ সাল থেকে বনমেরো ট্রান্সপ্ল্যান্ট বিভাগটি শুরু হয় ঢাকা মেডিকেলের নতুন ভবনে। ২০১৪ সালের ১০ মার্চ থেকে বিভাগের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত মোট এই বিভাগে ২১ জনের চিকিৎসা দেওয়া হয়েছে।’
সর্বশেষ নুরে সালাম সিদ্দিকী নামের এক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত বছর তার এ রোগ ধরা পড়ে, এ বছর ২৪ এপ্রিল এখানে ভর্তি হয়। পরে সফলভাবে তার বনমেরো ট্রান্সপ্লান্ট করা হয়েছে।’
রোগীপ্রতি কমপক্ষে প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা খরচ হয় বলেও জানান তিনি।
এ সময় সার্জন ডা. বিমলাংশু দেসহ বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান