সড়কে আর কত প্রাণ ঝরবে?

Seba Hot News
সেবা ডেস্ক:  আলোচনা-নির্দেশনা-ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও সড়ক দুর্ঘটনা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কোনো ভাবেই থামানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। দেশের চার জেলায় গত রোববার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বগুড়ায় ১০ জন, সরাইলে ২ জন, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২ জন এবং নাটোরে ১ জন নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। সড়ক দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন পত্রপত্রিকায় এই ধরনের খবর আসছে। এই ব্যাপারে সরকারের প্রচেষ্টা থাকলেও আন্তরিকতার বিষয়টি বরাবরই প্রশ্নবিদ্ধ। অথচ সড়ক দুর্ঘটনা রোধে সরকারকেই বড় ভূমিকা পালন করা উচিত।

২০১১ থেকে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশ জাতিসংঘে অঙ্গীকার করেছিল। এই লক্ষ্যমাত্রা নির্ধারণে বাংলাদেশ সইও করেছে। গত বছর সড়ক দুর্ঘটনায় দিনে গড়ে ২৪ জন মারা গেছেন। ২০১৪ সালের চিত্রও ছিল একই। এমনই এক পরিসংখ্যান মিলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামে এক বেসরকারি সংগঠনের জরিপে। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ সালে সারা দেশে ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় মারা গেছেন ৮ হাজার ৬৪২ জন। আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ৫ হাজার ৯২৮টি। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮ হাজার ৫৮৯ জন। আর আহত হয়েছিলেন ১৭ হাজার ৫২৪ জন। কমিয়ে আনার পরিবর্তে উল্টো দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ছে। বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা রোধ করতে নানা কর্মপরিকল্পনার কথা শোনা গেলেও কিছু সড়কের বাঁক সোজা করা এবং মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়া দৃশ্যমান কোন উদ্যোগ চোখে পড়ে না। দুর্ঘটনার পরিসংখ্যান উদ্বেগজনক হলেও তা রোধে কার্যকর কোনো উদ্যোগ নেই।

এই অকাল মৃত্যু থেকে দেশবাসীকে রক্ষা করতে হলে সরকারি উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি দরকার বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগের। দেশে কিছু বেসরকারি সংস্থা সড়ক দুর্ঘটনায় বরাবরই তাদের উদ্বেগ জানিয়ে থাকেন এবং তা প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা মূখ্য। সরকারের উদ্যোগে ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে এবং অন্যদিকে শুধু দক্ষ, লাইসেন্সপ্রাপ্ত চালকদের গাড়ি চালানোর বিষয়টি নিশ্চিত করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। সেই সঙ্গে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেও অনেক অপ্রত্যাশিত ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত আইনে শাস্তির বিষয়টিও বিবেচনা করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ক্ষতি মোট অভ্যন্তরীণ উৎপাদনের ১ দশমিক ৬ শতাংশের সমান। এটা বারবার বলা হচ্ছে, সচেতনতা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্ভবত যাদের সচেতনতার কথা বলা হচ্ছে, তাদের কান পর্যন্ত এ কথা পৌঁচছে না। তারা কথা শোনার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছে না। অপ্রিয় হলেও সত্যি, সচেতনতা সৃষ্টিতে যে যার সার্বক্ষণিক ভূমিকা রাখার প্রয়োজন, সেই পুলিশ বাহিনী বিশেষ সময় ছাড়া অসচেতনই থাকছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে মৃত্যুর হার কমানো সম্ভব।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান