যমুনার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে

Seba Hot News
যমুনার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে সেবা ডেস্ক:  
যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের পাঁচ উপজেলার ৩১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যুমনায় পানিবৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদীতীরবর্তী অঞ্চলসহ নতু নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি। শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। এতে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে, পানিবৃদ্ধির সঙ্গে সঙ্গে চৌহালী ও কাজিপুর উপজেলার বেশকয়েকটি গ্রামে নদীভাঙন অব্যাহত রয়েছে।

এদিকে, দীর্ঘ সময় ধরে পানি এক স্থানে বদ্ধ হয়ে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নোংরা আর দুর্গন্ধময় পানিতে চলাচল করার কারণে  সাধারণ মানুষের মধ্যে পানিবাহিত রোগব্যাধি দেখা দিয়েছে। বাসাবাড়ি ডুবে যাওয়ায় সৃষ্টি হয়েছে বিশুদ্ধ পানির সংকট। বন্যার্ত মানুষের স্বাস্থ্য সেবার জন্য দুর্গত অঞ্চলে মেডিক্যাল টিম থাকার কথা থাকলেও দেখা মেলেনি তার।   

আজ বৃহস্পতিবার সকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ওয়ালী উদ্দিন জানান, বর্তমানে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ৩১টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।

ওয়ালী উদ্দিন বলেন, "ইউনিয়নগুলোর প্রায় ১৬০টি গ্রামে অন্তত সাড়ে সাত হাজার পরিবারের ৫০ হাজার লোকজন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৯৫০টি বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বন্যার্তদের ১৭৫টি কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। পাঁচটি উপজেলায় ১৪০ মেট্রিকটন চাল, পাঁচ লাখ  টাকার শুকনো খাবার এবং তিন লাখ নগদ টাকা সাহায্য দেওয়া হয়েছে। আমাদের ত্রাণ দেওয়ার কাজ অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান