সেবা ডেস্ক: উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে দ্রুতই। তবে প্লাবিত অঞ্চল থেকে পানি নামতে শুরু করলে দেশের ভাটির দিকের কয়েকটি জেলা নতুনভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার (৩০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথাই জানালেন মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।
তিনি জানান, উত্তরাঞ্চলের অনেক জেলায় বন্যার পানি দু-একদিনের মধ্যে নামতে শুরু করবে। তবে বাড়তি পানির এই প্রবাহের ফলে নতুন করে ভাটির দিকে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হতে পারে। সেক্ষেত্রে রাজবাড়ী, ফরিদুপর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, বরিশাল জেলার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে নতুনভাবে প্লাবিত হলেও সে সব জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানান তিনি। শাহ কামাল বলেন, ‘নতুনভাবে বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিতে পারে। এ জন্য আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখছি। সে সব অঞ্চলে বন্যা সৃষ্টি হলে যাতে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা সহায়তা দিতে পারি।’
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া লিখিত বক্তব্যে জানান, দেশের ১৬ জেলায় ৫৯টি উপজেলার ৩০৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। বন্যায় ১৪ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।