ইতালির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা

Seba Hot News
Italyklk
সেবা ডেস্ক:  ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি। দুদিন আগের এই ভূমিকম্পে জীবিত আর কারও উদ্ধার হওয়ার আশা যখন ক্ষীণ হতে শুরু করেছে তখন এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।
শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি বলছে, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পুনর্গঠনের জন্য ৫ কোটি ইউরো বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জনের প্রাণহানির খবর জানা গেছে, আহত হয়েছে ৩৬৫ জন। পাঁচ হাজার উদ্ধারকারী দ্বিতীয় দিনের মতো ধসে পড়া ভবনের স্তুপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
তবে ভূমিকম্পের পর মুহুর্মুহু পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
পুনর্গঠনের জন্য বিশেষ বরাদ্দের সঙ্গে বিধ্বস্ত এলাকাবাসীদের কর মওকুফ করেছেন রেনজি।পাশাপাশি নিম্নমানের নির্মাণ নিয়ে সমালোচনা ঠেকাতে ‘ইতালিয়ান হোমস’ নামে নতুন এক উদ্যোগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ।
তবে ইতালি সম্পূর্ণভাবে ভূমিকম্প সহনশীল ভবন তৈরি করতে পারে এমন ভাবনাকে ‘অলীক’ বলেছেন তিনি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভবন নির্মাণের মান নিয়ে ইতালির গণমাধ্যমগুলোতে সমালোচনা চলছে। ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে তার কতকগুলি সম্প্রতি সংস্কার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইতালির ঐতিহাসিক শহরগুলোতে ভূমিকম্পপ্রতিরোধী ভবননির্মাণ বিধিমালা মানা হয় না, যেগুলো অনেক সময় নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও অবহেলিত হয়।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান