সেবা ডেস্ক:
চার বছর আগে চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার দায়ে পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম রোববার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া আসামিদের মধ্যে জাহিদুর রহমান শাওন জামিন নিয়ে এবং জুনায়েদ আহমেদ রিয়াদ মামলার শুরু থেকেই পলাতক।
কারাগারে থাকা রিয়াদের বাবা ব্যবসায়ী শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী জানান।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় শিক্ষার্থী হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয় ‘এ’ লেভেলের এই শিক্ষার্থীর।