সেবা ডেস্ক: ‘ভাঙ্গা বাড়ি, রং ওঠা দেয়াল, এ যেন এক মধুর অপ্রত্যাশিত বিপন্ন বিস্ময়বোধ। বিমূর্তই তার চিত্রকর্ম। একস্ট্রাক্ট, কিন্তু তাতে আছে ছন্দের নিপুন ও নির্ভুল পরিমিতি এবং দোলা’- পুরান ঢাকায় বেড়ে ওঠা শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদ এর ১৫ দিনব্যাপী শুরু হয়েছে চিত্রকলা প্রদর্শনী ‘আরবান সাইট’।
শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে উদ্বোধন হয় তার একক প্রদর্শনীর। এতে শিল্পীর ৪০টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শিল্প-পৃষ্টপোষক রুবানা হক ও কথা সাহিত্যিক আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রুমি নোমান। প্রদর্শনী চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
পুরান ঢাকায় বেড়ে উঠা শিল্পী এক সময় বুড়িগঙ্গা নদীর খুব কাছে থাকতেন। এখন তা নিয়ে চলে স্মৃতিচারণ। তার শিল্পবোধের অনুসন্ধান করলে দেখা যাবে, কৈশর শিল্পীর চোখে ধরা দিয়েছে অন্যভাবে। শুধু মায়া নয়, এর ভেতরের গল্পের সাথেও তিনি সম্পর্ক গড়ে তুলেছিলেন।
দেখা যায়, তিনি পরে সময় কাটিয়েছেন পুরান ঢাকার রঙ মিস্ত্রী বা কখনো কাঠ মিস্ত্রীর সঙ্গে। মিশেছেন তাদের সঙ্গে যারা যানবাহন রং করেন, ছবি আঁকেন। আর সেখান থেকেই তিনি আস্বাদন করেছেন তার প্রিয় শহরের শিরা-উপশিরার গল্প, মর্মকথা। শিল্পী সালাউদ্দিন তাই ‘আরবান সাইট’ এই শহরের এক মোহিত শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পী মনিরুল ইসলাম বলেন, ছবি একটা ডিজাইন, অনেক রং এর হারমনি; যা শেষ হওয়ার অনেক আগেই ছবি হয়ে যায়। আর একটা হলো- ছবি আঁকতে আঁকতেই শেষ হয়ে যাওয়া। অনেক সময় আমরা ছবি আঁকতে পারি না; হতাশ হয়ে পড়ি, দুই তিনদিন পর ছবি নিজেই তৈরি হয়ে যায়।
তিনি বলেন, সালাহউদ্দিনের ছবি আকার যে ডায়নাকিম; সে কাজ না করলে পাগল হয়ে যাবে।
কথা সাহিত্যিক আনিসুল হক বলেন, তেল রং এর সঙ্গে কাঠেরগুড়ো মিশিয়ে তিনি দ্বিমাত্রিক পটে তৈরি করেন ত্রিমাত্রিক তল, তলভঙ্গ। আকার জন্যে শহর তার একটা প্রিয় বিষয়। কিন্তু বহুদিন থেকে আকাশ থেকে দেখা ল্যান্ডস্কপের দিকে তার আগ্রহ। আগে তা সরল ও সুন্দর ছিল, জলের ধারে গড়ে ওঠা শহর যেন তিনি দেখেছেন বিমান থেকে।-ইত্তেফাক
