সেবা ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর সদ্য সাবেক সহকারী প্রেস সচিব নুর-ই এলাহি মিনা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তাকে আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, সাংবাদিকদের সঙ্গে স্থায়ী মিশনের যে দূরত্ব ছিল তা এখন আর থাকবে না। মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়নে মিশন জাতিসংঘে যেসব কাজ করছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নুর-ই এলাহি মিনা সাংবাদিকদের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। এই সরকার দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করছে। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকা রাখবে।
এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কসনাল জেনারেল মো. শামীম আহসান, যুক্তরাষ্ট্র সফররত এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন, এখনময় সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাভলু আনসার, সাংবাদিক ও কলামিস্ট সালেম সুলেরি, সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাপত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাংবাদিক আকবর হায়দার কিরণ এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর, সাপ্তাহিক বাংলাটাইমস সম্পাদক সনজীবন কুমার সরকার, সাপ্তাহিক বিজয় সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. মাসুদুল হাসান, ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত সেলিম, নারী ম্যাগাজিন সম্পাদক ও লেখক পপি চৌধুরী প্রমুখ।