তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে এমপি বদির আপিল

Unknown
সেবা ডেস্ক:  সম্পদের তথ্য গোপনের মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার এই আবেদন দায়ের করা হয়। 
 
আপিলে নিম্ন আদালতে সাজার রায়ের বাতিলের পাশাপাশি বদিকে জামিন দেয়ার আবেদন জানানো হয়েছে। 
 
গত ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উত্থিয়া- টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড দেয়া হয়। তবে বদির বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ থাকলেও আদালত এই অভিযোগে তাকে কোন দণ্ড দেয়নি।
 
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, এমপি বদি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম মূল্যে সম্পদ ক্রয় করে বেশি মূল্যে বিক্রির মিথ্যা তথ্য দিয়েছেন। দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ ২০১৫ সালের ৭ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
 
অভিযোগপত্রে বদির ৬ কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়। বলা হয়, তিনি দুদকের কাছে ৩ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ২০০০ সালে বদির সম্পদের পরিমাণ ছিলো মাত্র ৪৯ লাখ ৭৯ হাজার টাকা। ২০১৩ সালে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেন এতে দেখা যায়, তার সম্পদের পরিমাণ ১৬ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকা। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top