রায়গঞ্জে অপহরনকারীর সাথে নাবালিকার বিয়ে!

Unknown
মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণকারীর সাথেই অপহৃত নাবালিকা স্কুলছাত্রীর বিয়ে দিল গ্রাম্য মাতব্বররা। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত খৈচালা গ্রামে। ঐ গ্রামের দরিদ্র দিনমজুর সুধাংশু উরাঁওয়ের একমাত্র মেয়ে অপহৃত শীলা উরাঁও (১৩) পাশ্ববর্তী বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে ভিকটিমের বাবা রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
অভিযোগে জানা যায়, গত ১১ ডিসেম্বর বিকালে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার নিমগাছি কলেজের পার্শ্ববর্তী তিনমাথা পাকা রাস্তা থেকে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ধাওয়াপুর গ্রামের দুর্গাচরণের বখাটে ছেলে সুবল কুমার (১৯) তার বন্ধুদের সহযোগিতায় জোর পুর্বক শীলাকে তুলে নিয়ে যায়। শীলার বাবা ও স্বজনেরা খবর পেয়ে ধাওয়াপুর গ্রামে গিয়ে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও তা অগ্রাহ্য করে তাকে তাড়িয়ে দেয়া হয়। পরে খৈচালা গ্রামের প্রধান আশুতোষ, রঞ্জন, ভূপেন্দ্র ও ধাওয়াপুর গ্রামের রিতেন, অখিল, হিমেন্দ্রসহ তাদের আত্মীয়রা অপহরণকারী সুবলের সাথে শীলার বিয়ে দিয়ে দেয়।
শীলা প্রাথমিক বৃত্তি পেয়েছিল, জুনিয়র বৃত্তি পাওয়ারও তার প্রস্তুতি চলছিল। মেয়েকে উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে সুধাংশু উরাঁও দিনমজুরী করে মেয়ের পড়াশুনার খরচ চালান। গ্রাম্য মাতব্বররা তা শেষ করে দিল বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন- এ ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top