সেবা ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের নির্বাচনের ভেতরের খবর আমরা এখনো জানি না। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ ভোট দিতে এসেছেন। আর তার মধ্য দিয়ে ভোটের অধিকারের পক্ষে আমাদের সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছি না, বাহ্যিকভাবে ভোট গ্রহণ পর্যন্ত সুষ্ঠু ছিল, তারপর কী হয়েছে সেটা আমরা জানি না।
মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপির দীর্ঘকালের যে সংগ্রাম বিশেষ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই সংগ্রামের আংশিক বিজয় হয়েছে। তবে এই নির্বাচনের ভেতরে কী হয়েছে, সেই সসম্পর্কে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে। আমরা এই বিষয়টা আরো পরীক্ষা করছি, দলের পক্ষ থেকে তদন্ত করে বিস্তরভাবে আপনাদের (গণমাধ্যম) জানাতে পারব। নিজ দলের প্রার্থীর পরাজয়ের কারণ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা প্রার্থীর পরাজয় নয়, বরং নারায়ণগঞ্জ নির্বাচনে কী ঘটেছে তদন্ত সাপেক্ষে তা সবার সামনে তুলে ধরা হবে।
নারায়ণগঞ্জবাসী ভোটের মাধ্যমে বিএনপিকে জবাব দিয়েছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কখনও জাতীয় নির্বাচন ও এর ফলাফল ধারণা করা সঠিক নয়। কারণ জাতীয় ইস্যু স্থানীয় নির্বাচনে আসে না।
বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই। মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার নেই। কোনো নির্বাচনেই মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে না। সম্প্রতি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ নির্বাচনের বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। তবে একটা কথা বলতে চাই, এই যে সংগ্রাম চলছে, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনবার, সেই সংগ্রাম কিছুটা হলেও সাফল্য পেয়েছি। নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু দেখাতে।