সেবা ডেস্ক: আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার। নি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় তাদেরকে ওই অভিযোগ থেকে অব্যাহিত দেয় আদালত।
বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। আদেশে কমিশনের একজন সিনিয়র সহকারি সচিবকেও অব্যাহতি দিয়েছে আদালত। আদালতে কমিশনারদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসীন খান।
তিনি বলেন, আইন ও আদালতের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই অনিচ্ছাকৃত ভুলের জন্য ইসির কমিশনাররা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন। আদালত আবেদনটি গ্রহণ করে তাদের অব্যাহতি দিয়েছেন।
চলতি বছরের ৩১ মার্চ চাঁদপুরের হাইমচরের চর ভৈরবী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এক প্রার্থী জাহিদুল ইসলাম পুনরায় ভোট চেয়ে ইসিতে ৭ এপ্রিল আবেদন করেন। ওই আবেদনে নির্বাচন চলাকালে ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে ভোট গ্রহণে অনিয়মের কথা উল্লেখ করা হয়। জবাবে ২৩ এপ্রিল ইসির পক্ষ থেকে এক চিঠিতে জাহিদুলকে জানানো হয়, গেজেট হওয়ার পর ট্রাইব্যুনালে মামলা করতে। কিন্তু জাহিদুল পুনরায় আরো কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ২২ মে ইসিতে ফের আবেদন করে। এ আবেদনের জবাব না পেয়ে জাহিদুল তার আবেদনের নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে ১৫ জুন রিট করেন।
হাইকোর্ট রুল জারি করে ৩০ দিনের মধ্যে জাহিদুলের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেয়। এর কিছুদিন পরে জাহিদুল হাইকোর্টে আরও একটি আবেদন করে। যাতে বলা হয়, আদালতের নির্দেশ মতে ইসি ৩০ দিনের মধ্যে তার আবেদন নিষ্পত্তি করেনি। এ আবেদনের পর ৭ আগস্ট হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনারসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে।
এতে বলা হয়, ১৪ নভেম্বরের মধ্যে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। এছাড়া নির্বাচন কমিশনে করা জাহিদুলের আবেদন তদন্ত করতে বলেন। এ রুল জারি পর ১৩ নভেম্বর নির্বাচন কমিশনের পক্ষে লড়তে আইনজীবী ইয়াসীন খান আদালতের অনুমতি নেন। এবং পরে ছয়জন হাইকোর্টের হলফনামা শাখায় এসে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন করেন।
আইনজীবী ইয়াসীন খান জানান, জাহিদুলকে ২৩ মে ও ১৮ জুলাই দেওয়া চিঠি প্রত্যাহার করা হয়েছে। তার আবেদনের তদন্ত করা হয়েছে। ওখানে অনিয়ম পাওয়া গেছে। এখন এসব বিষয়ে আদালতে হলফনামা দিবো। তারপর মূল রিট নিষ্পত্তি হলে ওই ইউনিয়নে নিয়ম অনুসারে নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে।
