সেবা ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলাধীন জয়পুরহাট-পাঁচবিবি-হিলি সড়কের পাঁচমাথা মোড়ে এ কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিকরা।
দৈনিক যায়যায় দিনের সাংবাদিক প্রভাষক আহসান হাবিব এতে সভাপতিত্ব করেন। এতে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক দিলদার হোসেন, ইনকিলাবের মোশারফ হোসেন মজনু, সাংবাদিক গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, আনোয়ার হোসেন বুলু, জাহিদুল ইসলাম জাহিদ ও আবু হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন দফতরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে পাঁচবিবি, হিলি, বিরামপুর, ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জের সাংবাদিকেরা অংশ নেন।
উল্লেখ্য, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবরপত্রের সাংবাদিক মোসলেম উদ্দিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মারধরের শিকার হন। এ সময় ওই গ্রামের নিরীহ লোকজনকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।