সেবা ডেস্ক: আরজে টুটুল। নিজের নিয়মিত পেশার পাশাপাশি সঙ্গীতশিল্পী হিসেবেও পরিচিত তিনি। চলতি সময়ে তার ব্যস্ততা চলছে রেডিওতে অনুষ্ঠান ও বিভিন্ন স্টেজ শো নিয়ে। সেই ধারাবাহিকতা গত ২৩ ডিসেম্বর শুক্রবার রাজশাহীতে একটি স্টেজ শোতে পারফর্ম করেন টুটুল। রাজশাহী শহরে পদ্মার পাড়ে লালন শাহ মঞ্চে এই শোটি অনুষ্ঠিত হয়। রাজশাহী কমেডি ক্লাবের উদ্যোগে ‘টুটুল মিউজিক্যাল শো’ শিরোনামে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
বিকেল ৪টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে অনুষ্ঠানে পারফর্ম করেন রাজশাহী কমেডি ক্লাবের সদস্যরা। তাদের কৌতুকে পুরো লালন শাহ মঞ্চ যেন হাসির মেলা বসেছিল সেদিন। তাদের কৌতুক পারফর্মের পর মঞ্চ সঙ্গীত পরিবেশন করতে ওঠেন টুটুল। মঞ্চে বিভিন্ন শিল্পীদের কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। পারফর্ম শেষ করার আগে টুটুল তার মৌলিক গান 'আচলে তোমার মুখটা' শিরোনামে গানটি দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন। টুটুল বলেন, 'এই মঞ্চে আমি বারবার গান গাইতে চাই। কারণ পদ্মার পাড়ে এমন একটি পরিবেশে দর্শকদের এতো ভালোবাসা পাওয়ার লোভ জাগে। কৃতজ্ঞ রাজশাহী কমেডি ক্লাবকে। যাদের জন্য এমন সুন্দর একটি আয়োজন সম্ভব হয়েছে।'
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার করেন রাজশাহী কমেডি ক্লাবের প্রধান সমন্বয়ক হাসান তানভীর। অনুষ্ঠান ও কমেডি ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এই নিয়ে ২০টি শো করলাম। প্রতি মাসের তৃতীয় সপ্তাহ রাজশাহী বাসীদের নিয়ে মিলন মেলা বসে থাকে। এখানকার স্থানীয়রাই এই ক্লাবের সদস্য। আমি রাজশাহী বাসীর কাছে কৃতজ্ঞ। কারণ তারা পাশে আছে বলেই আমরা ক্লাবকে প্রতিষ্ঠিত করতে পেরেছি।'
