সেবা ডেস্ক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত বার বার দেশকে পিছিয়ে দেয়ার জন্য গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে তাদের সব ষড়যন্ত্র ভেস্তে গেছে। বিএনপি-জামায়াত আর কখনো মাথা উচু করে দাঁড়াতে পারবে না।
রবিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাস ব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ।
দীপু মনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ও জাতিরজনক বঙ্গবন্ধু ছিলেন বলেই এ দেশ স্বাধীন হয়েছে। কিন্ত বিভিন্ন সময় অবৈধ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু ও তার স্বপ্নকে মুছে ফেলার জন্য নানা ষড়যন্ত্র করেছে।