সেবা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেছেন, 'আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা।'
প্রধানমন্ত্রী শুভ বড়দিনকে পুণ্যদিন হিসেবে উল্লেখ করেন এবং এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ 'বড়দিন' উপলক্ষে দেয়া শনিবার এক বাণীতে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী 'বড়দিন' উপলক্ষে এই সম্প্রদায়ের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আনন্দময় ও উৎসবমুখর বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসাধারণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। -বাসস।