সেবা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। বিএনপির উদ্দেশে তিনি বলেন, কোনো দাবি পেশ করে তাদের লাভ হবে না। দাবি পেশ করে যদি দাবির বাস্তবায়ন না হয় তাহলে পরাজিত হিসাবে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এটা কোন দলের জন্য শুভ নয়।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতিও বেসারিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আ খ ম জাহাঙ্গীর এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, আব্দুর রাজ্জাকের পুত্র নাহিম রাজ্জাক এমপি, সাংবাদিক মোজাম্মেল বাবু প্রমুখ বক্তব্য রাখেন।