‘লিটন হত্যার বিচার না হলে গাইবান্ধা অচল করে দেওয়া হবে’ : ডেপুটি স্পিকার

Unknown
সেবা ডেস্ক:  এমপি লিটনের জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৪ পুলিশসহ ছয়জনকে হত্যা করে জামায়াত শিবির চক্র। সেই মামলার আসামিদের গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে আজ লিটনের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতো না।
তিনি বলেন, প্রসাশনের কিছু অসৎ কর্মকর্তার অবহেলার কারণে ২৮ ফেব্রুয়ারির বামনডাঙ্গার পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয়নি। লিটনের হত্যাকাণ্ডের যদি সেই পরিণতি হয় তাহলে গোটা গাইবান্ধা অচল করে দেয়া হবে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা মর্মাহত। অপরাধী যেই হোক তাদের শনাক্ত করতে পুলিশী প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা আশা করি পুলিশ তাদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে সক্ষম হবে।
আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এমপি লিটনের বড় ভগ্নিপতি ড.আব্দুল বারী।
দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ সোমবার তার নিজ বাড়ি সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে পৌঁছাবার পর বিকেল ৩টা ৫৫ মিনিটে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে বিকেল ৪টা ৪২ মিনিটে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। এর আগে গত রবিবার রংপুর পুলিশ লাইনে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেলিকাপ্টারযোগে এমপি লিটনের মরদেহ সুন্দরগঞ্জে আনা হয়।
সংসদ সদস্যের নিজ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজা পরিচালনা করেন স্থানীয় মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম মওলানা জামাল উদ্দিন আকন্দ। সকাল থেকে হাজার হাজার উৎসুক জনতা, দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে হেলিকপ্টার অবতরণের অপেক্ষায় ছিলেন। কিন্তু দুপুর ১২টার দিকে বামনডাঙ্গা রেলস্টেশনে অবরোধে আটকে পড়া লোকাল ট্রেনের চাকার পাশে বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাজার হাজার মানুষের শ্রদ্ধা নিবেদন : এমপি লিটনের মরদেহ বাড়ির উঠোনে তার প্রিয় গাবগাছ তলায় রাখা হলে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার মানুষের। দলীয় নেতাকর্মী ছাড়াও নানা বয়সী শ্রেণী পেশার নারী পুরুষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।
জেলা বার  সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়ন পরিষদের মানববন্ধন :  সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন সোমবার আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার সকালে নিজ নিজ ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top