
সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে আসায় তাদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপির বন্ধুরা অনেক দেরিতে হলেও পার্লামেন্টে যোগদান করেছেন, এতে আমরা খুশি৷ তাদের আহ্বান করবো আপনারাও এগিয়ে আসুন শেখ হাসিনার জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যলায়ে ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বিশ্বমানবতা’ শিরোনামে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বুদ্ধিজীবী, সব ধর্মের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে ১৪ দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছি। বারবার বিজয়ী হয়েছি। দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবারো তার নেতৃত্বে বিজয়ী হব।
তিনি বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই, দেশ নেই। যেকোনো মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে৷ যেভাবে পাকিস্তান আমলে সাম্প্রদায়িক হামলা রুখে দেয়া হয়েছিল।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু বলেন, দেশের সাধারণ মানুষ জঙ্গি-সন্ত্রাসী নয়। আমাদের চোখের অগোচরে একটি গোষ্ঠি জঙ্গি-সন্ত্রাস হিসেবে গড়ে উঠেছে। জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক ভাবেই এ সমস্যার মোকাবিলা করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্তিত ছিলেন- ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর। ১৪ দলের মধ্যে ছিলেন- রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া। বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আবুল মকসুদ, শাহরিয়ার কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।