
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রাম থেকে এক হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ মো. ফুল মিয়া নামের এক মাদক কারবারি পুলিশের হাতে ধরা পড়েছে। উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৩ নভেম্বর সকালে স্থানীয় একটি নার্সারি বাগানের সামনে সিএনজিঅটোরিকশা থেকে তাকে ধরেছে।
জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী ১৩ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত কেন্দ্রের কাছেই স্থানীয় একটি নার্সারি বাগানের সামনে পাকা রাস্তায় যানবাহনে তল্লাশি চালান। এ সময় রাজিবপুর থেকে আসা শেরপুরগামী একটি সিএনজিঅটোরিকশা থেকে ফুল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে ধরা হয়। তার কাছ থেকে প্রায় চার লাখ ২০ হাজার টাকা মূল্যের এক হাজার ৪০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পূর্ব দুবলাবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে।
তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফুল মিয়াকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।