অবিশ্বাস্য ঘটনা, যাত্রীদের বাঁচাতে খাদে ঝাঁপিয়ে পড়লেন ওসি!

S M Ashraful Azom
0
অবিশ্বাস্য ঘটনা, যাত্রীদের বাঁচাতে খাদে ঝাঁপিয়ে পড়লেন ওসি!
সেবা ডেস্ক: শরীয়তপুর জেলার ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের যাত্রীদের উদ্ধার করে প্রশংসায় ভাসছেন।

দুর্ঘটনার পর জীবনের ঝুঁকি নিয়ে অন্তত ১০ থেকে ১৫ জনকে পানির নিচ থেকে উদ্ধার করেছেন তিনি। যাত্রীদের উদ্ধারের কয়েকটি ছবি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই তার ভূয়সী প্রশংসা করছেন। তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ডামুড্যা উপজেলার খেজুরতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিল। উপস্থিত লোকজন যখন দাঁড়িয়ে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন তখন ডামুড্যা থানার ওসি  মো. মেহেদী হাসান জীবনের ঝুঁকি নিয়ে ময়লা খাদের পানিতে লাফিয়ে পড়েন। তার লাফিয়ে পড়তে দেখে স্থানীয় লোকজনও লাফিয়ে পড়ে।

গাড়ির জানালার কাচগুলো ভেঙে দেন ওসি ও স্থানীয়রা, যাতে সহজে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসতে পারেন। গাড়ির ভেতর আটকা পড়া ছয় নারীসহ ১০ থেকে ১৫ জন যাত্রীকে উদ্ধার করেন ওসি নিজেই।

পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। সংবাদ পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় কামরুজ্জামান মাহমুদ মুন্সী ও ইয়াকুব পাইককে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। এ দুর্ঘটনায় আহত হন ছয় নারীসহ অন্তত ২৫ জন যাত্রী।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওসি মেহেদী হাসান যেভাবে ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করেন তা অবিশ্বাস্য। জীবনের ঝুঁকি নিয়ে ময়লা পানিতে নামেন। এ বীরত্বের জন্য উপস্থিত হাজারো মানুষ তাকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

এদিকে এ ঘটনার পর ওসি মেহেদী হাসানের পানিতে নেমে দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে অনেকেই এ কাজের জন্য তার পদোন্নতি ও পুলিশের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করার দাবি করছেন।

ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, যারা দুর্ঘটানাকবলিত হয়েছে তারাতো মানুষ। মানুষতো মানুষের জন্য। সেই চিন্তা করেই ঝাঁপিয়ে পড়ি যাত্রীদের বাঁচাতে। এটাতো আমার কর্তব্য ছিল।

শরীয়তপুরের এ এসপি (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, যাত্রীদের জীবন বাঁচাতে আমাদের মেহেদী হাসান জীবনের ঝুঁকি নিয়ে যা করেছেন তা পুলিশ বিভাগের জন্য গর্বের।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top