
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্প থেকে অনৈতিক সুবিধা না পেয়ে গুনারীতলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গুনারীতলা ইউপির নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিকরা অভিযোগ করেন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ভরাট প্রকল্পে তারা মাটি ভরাট করে এবং ব্যাংক থেকে নিজেরাই টাকা উত্তোলন করেন। এই প্রকল্প থেকে অনৈতিক সুবিধা না পেয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়নার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে গুনারীতলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না অভিযোগ করেন, এই প্রকল্প থেকে দাবি করা শতকরা ২০ ভাগ টাকা না পেয়ে উপজেলা চেয়ারম্যান তাকে হয়রানী ও তার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে কর্মসৃজন প্রকল্পের ৫৩০ জন শ্রমিক উপস্থিত হন এবং উপজেলা চেয়ারম্যানের বিচার দাবি করেন।
অন্যদিকে উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রকল্প থেকে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন-ওই চেয়ারম্যানের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ আসে। আমি নিজে অভিযোগের তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রতিবেদন প্রেরণ করেছি। এরপর থেকে তিনি পাল্টা-মিথ্যা অভিযোগ করেছেন। আপনারাও অভিযোগ তদন্ত করে দেখুন কোনটা সত্য, কোনটা মিথ্যা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।