
সেবা ডেস্ক: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামীকাল শনিবার ও মঙ্গলবার অত্যাধুনিক প্রযুক্তির আরো দুটি ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। বহরের পঞ্চম ও ষষ্ঠ দুটি উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ আগামী সপ্তাহেই পৌঁছবে ঢাকায়। উড়োজাহাজ দুটি হচ্ছে- ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।
এরমধ্যে ‘সোনার তরী’ আসবে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এবং ‘অচিন পাখি’ মঙ্গলবার একই সময়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ নিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮ তে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, উড়োজাহাজ দুটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার ও মঙ্গলবার এ দুটি ড্রিমলাইনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
আগামী ২৮ ডিসেম্বর এই দুটি ড্রিমলাইনারসহ বিমানের মোবাইল অ্যাপস প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান তাহেরা খন্দকার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।