
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের তিন বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছেন ধনবাড়ির পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিয়াপাড়া এলাকার আবুল কালাম নামের এক কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দেন মেয়র ও নেতাকর্মীরা।
পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের উদ্যোগে ধান কাটায় উপজলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইকবাল হাসান তালুকদার ও উপজেলা কৃষকলীগ সভাপতি নজরুল ইসলামও অংশ নেন।
ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ অনেকটাই ঘরে আবদ্ধ। ফলে আজ মাঠের পাকা ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে দেওয়া হচ্ছে। যারা মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়বেন খবর পাওয়া মাত্রই তাদের ধান পৌরসভার ব্যবস্থাপনায় কেটে দেওয়া হবে।’
কৃষক আবুল কালাম বলেন, ‘করোনার প্রভাবে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে আমার তিন বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলাম না। এ দিকে জমিতে বৃষ্টির পানি জমে গেছে। তাই ক্ষেতের পাকা ধান নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। খবর শুনে মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন লোকজন নিয়ে এসে আমার ধান কেটে মাড়াই করে দিয়েছেন।’
