
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত ১৯ এপ্রিল রোববার দুপুরে সখীপুর হাসপাতালের জরুরি বিভাগে আনার পথে ওই ব্যবসায়ীর (৪০) মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল করোনা সন্দেহে তাঁর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, মারা যাওয়া ওই ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। আইইডিসিআর থেকে পরীক্ষার ফল না আসা পর্যন্ত ওই বাড়ির লোকজনকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সখীপুরের দাড়িয়াপুরের ইউপি চেয়ারম্যান আনসার আসিফ জানান, ওই ব্যবসায়ী কমপক্ষে ১০ বছর ধরে সখীপুর পুরোনো পৌরসভা চত্বরে ব্যবসা করতেন।
তাঁর স্ত্রী জানান, এক সপ্তাহ আগে শ্বাসকষ্ট শুরু হলেও তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে অনাগ্রহ প্রকাশ করেন। আজ সকাল ১০টায় আবার শ্বাসকষ্ট শুরু হলে একপর্যায়ে দুপুর ১২টায় সখীপুর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যবসায়ীকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, সখীপুরে এ পর্যন্ত করোনা সন্দেহে ৬ মৃত ব্যক্তিসহ ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আজ সন্ধ্যা পর্যন্ত ৩৫ জনের ফলাফল এসেছে। তাঁদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
