
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস সীমিত পরিসরে রোববার থেকে খোলা হয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় সঞ্চয় অধিদফতর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন সব দফতর বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সব অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
আদেশে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এবং ৩ মে থেকে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটির সঙ্গে ১ ও ২ মে সাপ্তাহিক ছুটিও সংযুক্ত থাকবে। এ সময়টাতে জরুরি প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এ বিভাগের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দফতরগুলো খোলা রাখার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদফতর, ট্যাকসেস ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালকে তাদের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দফতরগুলো খোলা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
