
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ১৯ জুন সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের আব্দুল শুকুর মোল্লার ছেলে মোজাহিদ (২৭) ও ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্ণবাসন গ্রামের সেকান্দর আলীর ছেলে আব্দুস ছালাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশের উপজেলার সিরাজকান্দির এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে লোড ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো ব্যবসায়ীরা।
এ ঘটনায় শুক্রবার সকালে যমুনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের চালক ও কার্গো ট্রলারের চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।