উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেল ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের প্রায় ৩ শতাধিক যাত্রী। উল্লাপাড়া রেলস্টেশনের ৪'শত গজ পূর্বে ঘাটিনা রেল সেতুর পশ্চিম পাশ্বে রেললাইনের চেলের মাঝখানে ফাটল দেখে পথচারীরা লাল কাপড়ের পতাকা মেলে ধরলে ট্রেনটির চালক গাড়ী থামিয়ে দেয়। এতে ট্রেনটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।
রেলওয়ে সুত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা- ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা রেল ব্রীজের পশ্চিমে রেলস্টেশনের ৪ শত গজ দুরে চেলের মাঝখানে পথচারী এক যুবক ফাটল দেখতে পায়। যুবকটি পাশ্ববর্তী গ্রাম চর ঘাটিনার সাদ্দাম ও ওমর ফারুককে ঘটনাটি বললে তারা সঙ্গে সঙ্গে লাল কাপড় টানিয়ে ধরে । এ সময় ঢাকা থেকে নীলফামারি গামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার স্থান দিয়ে পাড় হচ্ছিল। লাল কাপড় টানানো দেখে ট্রেনের চালক দ্রুত গাড়ী থামিয়ে ফেলে। বিষয়টি তাৎক্ষণাৎ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলামকে জানালে তিনি দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক করার ব্যবস্থা করেন। এ ঘটনার জন্য ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম রফিক চেলের মাঝখানে ফাটলের কথা স্বীকার করে জানান, ঘটনাস্থলের পার্শ্বেই পিডাব্লিউডির কর্মচারীরা লাইনে কাজ করছিলো। ট্রেন থামার সঙ্গে সঙ্গে দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।