![]() |
| উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন |
এসো হে বৈশাখ: উল্লাপাড়ায় মঙ্গল শোভাযাত্রা ও উৎসবের আমেজে বর্ষবরণ
জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহবানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত এই উৎসবে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বাঙালির ঐতিহ্যবাহী ইলিশ-পান্তা ভোজন।
দিনের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের কণ্ঠে বৈশাখের আবাহন সংগীত পরিবেশিত হয়। এরপর বর্ণিল সাজে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নানা রকম লোকজ মুখোশ ও ফেস্টুন হাতে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি উল্লাপাড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন এবং পৌর সচিব মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: শাহজাহান আলী, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: সেরাজুল ইসলাম এবং উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো: ছোরমান আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নতুন বছরকে সমৃদ্ধির বছর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।