![]() |
| সরিষাবাড়ীতে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু |
সরিষাবাড়ীতে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বোরো সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিপু (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকার গামারা বিলে এই ঘটনা ঘটে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
নিহত নিপু বড়বাড়িয়া এলাকার উসমান হারুনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের পিডিবির এসটি (HT) খুঁটির তার চুরি করতে যান নিপু। তার কাটার সময় অসাবধানতাবশত লাইনে থাকা উচ্চ ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং মরদেহ নিচে পড়ে থাকে।
পরদিন সোমবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কৃষিকাজ করতে যাওয়ার সময় ধানক্ষেতের পাশে নিপুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয়রা সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, প্রাথমিক আলামত ও তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ব্যক্তি সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।