![]() |
| জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩ |
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন— বকশীগঞ্জ উপজেলার দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), উঠানোর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মিনাল মিয়া (২৫) এবং বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।
বিজিবি সূত্র জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) বিজিবি জোয়ানরা এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাসানুজ্জামান, মিনাল ও হোসাইন সরকারকে হাতেনাতে আটক করা হয়।
অন্যদিকে, একই রাতে রৌমারী উপজেলার ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অপর একটি বিশেষ অভিযান চালান। এই অভিযানে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই পয়েন্ট থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান প্রসঙ্গে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকের অপব্যবহার রোধে আমরা ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতিতে রয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মদ থানা হেফাজতে রাখা হয়েছে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।