![]() |
| বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন |
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামকে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন থেকে বাঁচানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (১ জুলাই) দুপুরে উজান কলকিহারা গ্রামবাসীর উদ্যোগে নদের তীরবর্তী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উজান কলকিহারা গ্রামের সর্বস্তরের শতশত ভুক্তভোগী মানুষ ব্যানার-প্লেকার্ড হাতে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন— মেরুরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহরাব হোসেন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন এবং ইউনিয়ন কৃষক দলের নেতা অছিম উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত প্রায় ২৫ বছর ধরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামটি ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে প্রতিনিয়ত ভাঙনের শিকার হচ্ছে। অব্যাহত নদী ভাঙনের কারণে গত কয়েক বছরে এই ঐতিহ্যবাহী গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্থাপনা এবং বসতভিটাসহ সিংহভাগ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।”
এলাকাবাসী জানান, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে উজান কলকিহারা গ্রামে আবারও নতুন করে তীব্র ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ কিংবা অন্তত জিও ব্যাগ ফেলে এই মুহূর্তেই ভাঙন রোধ করা না গেলে, চলতি বছরের মধ্যেই উজান কলকিহারা গ্রামটি মানচিত্র থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামটিকে নদের বুক থেকে রক্ষা করতে ভুক্তভোগী বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।