![]() |
| বকশীগঞ্জে ভারতীয় বন্য হাতির তাণ্ডব: পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু! |
বকশীগঞ্জে ভারতীয় বন্য হাতির তাণ্ডব: পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু!
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্ত পার হয়ে আসা বন্য হাতির পালের আকস্মিক আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি সীমান্ত এলাকা গারো পাহাড়ের সোমনাথ পাড়া জঙ্গলে এই ঘটনা ঘটে। শনিবার (২৭ জুন) সকালে জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত ও থেঁতলানো মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত জয়নাল আবেদীন ধানুয়া কামালপুর ইউনিয়নের স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে রান্নার লাকড়ি (খড়ি) সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে পাহাড়ে যান জয়নাল আবেদীন। কিন্তু দিন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এতে পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ শুরু হয় এবং তারা রাতেই সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। রাতে ঘন জঙ্গল ও হাতির আতঙ্কে সন্ধান না পেয়ে, পরদিন শনিবার (২৭ জুন) সকালে আবারও স্বজন ও স্থানীয় গ্রামবাসী মিলে পাহাড়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে সোমনাথ পাড়া এলাকার গভীর জঙ্গলে জয়নাল আবেদীনের থেঁতলানো ও বিকৃত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
স্থানীয়দের ধারণা, রাতে লাকড়ি নিয়ে ফেরার পথে ভারত থেকে কাটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা বন্য হাতির পালের সামনে পড়ে যান তিনি। পরে বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে আছড়ে ও পায়ে পিষে মেরে ফেলে রেখে যায়।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, "সীমান্তবর্তী এই এলাকায় প্রায়শই ভারত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বন্য হাতির দল বাংলাদেশে প্রবেশ করে তাণ্ডব চালায়। বন্য হাতির এই দলটির আক্রমণের শিকার হয়েই জয়নাল আবেদীনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।"
এই বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, "খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের এমন অবর্ণনীয় মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো মির্ধাপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সাথে সীমান্তের পাহাড়ি জনপদগুলোর বাসিন্দাদের মাঝে নতুন করে বন্য হাতির আক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।