![]() |
| বকশীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা |
বকশীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, অনুমোদন ছাড়া কার্যক্রম চালানো এবং নিয়ম না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে (ডায়াগনস্টিক সেন্টার) মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে কাগজপত্র ও ব্যবস্থাপনায় নানা অনিয়ম এবং অসঙ্গতি ধরা পড়ায় ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা, ‘ফরিদ ডায়াগনস্টিক সেন্টার’কে ১৫ হাজার টাকা এবং ‘হেলথ কেয়ার সেন্টার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি ভোক্তা অধিকার ও স্বাস্থ্যসেবা আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে আগামীতে নিয়ম মেনে বৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযান প্রসঙ্গে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম জানান, "জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ। কিছু প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন না করে এবং টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি ও স্বাস্থ্যখাতের এই সমস্ত অনিয়ম রুখতে জনস্বার্থে আমাদের এই ধরনের শুদ্ধি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।