ঈদের কেনাকাটা শেষ হয়ে এসেছে। এবার মেহেদির রঙে হাত রাঙানোর পালা। মেহেদির লাল রং ঈদের আনন্দ বাড়িয়ে দেয়, পূর্ণতা দেয় ঈদ সাজে। ছোট থেকে বড় সব বয়সের মেয়েদের কাছে কদর রয়েছেন নতুন পোশাকের সাথে হাতে নকশা করা মেহেদি ছোঁয়ার। সময়ের সাথে মেহেদির নকশা এবং ধরনে এসেছে পরিবর্তন। একসময় বাড়ির মেহেদি গাছের পাতা বেঁটে কাঠি দিয়ে হাতে নকশা করা হতো। বাটা মেহেদি দিয়ে গোলসহ নানা রকম স্থানীয় নকশায় হাত রাঙাত তরুণীরা। এখন বাজারে টিউব মেহেদি পাওয়া যায়। সহজেই আপনি মেহেদি রঙে হাত রাঙাতে পারেন নানা বৈচিত্র্যময় নকশায়। মেহেদির রং হাতে অনেক দিন পর্যন্ত থাকে। তাই মেহেদির নকশা হতে হবে আকর্ষণীয়। বাড়িতে মেহেদি লাগাতে নকশার সুবিধার জন্য প্রত্যেক টিউবের সাথে ছোট নকশা বই থাকে। সেখানে নানা ধরনের নকশা পেয়ে যাবেন। চাইলে পার্লারে গিয়ে হাতে মেহেদি লাগাতে পারেন। কম সময়ে দারুণ নকশা ফুটে ওঠবে আপনার হাতে। এবারের ঈদে দুই ধরনের নকশার চল বেশি থাকবে। ছোট ছোট অঙ্কনে হালকা নকশা চলবে। হাতের এক কোণ থেকে শুরু করে নকশা করতে পারেন আঙুল পর্যন্ত। কেননা হালকা নকশা সব ধরনের পোশাকের সাথে মানিয়ে যায়। ছোটদের জন্য হালকা নকশা বেশ মানানসই। চাইলে আপনি দুই হাত ভরে ঘন নকশায় হাত রাঙাতে পারেন। সেক্ষেত্রে তিন ধরনের অঙ্কন রয়েছে। ময়ূর, কলকা এবং ফুলেল নকশা। ঘন নকশার সাথে নখের চার পাশে গোল নকশায় মেহেদি লাগাতে পারেন। ঘন নকশা বদলে আপনি ছোট ছোট অঙ্কনে, একই প্যাটার্নে পুরো হাতে মেহেদি লাগাতে পারেন। মাঝারি ধরনের এই নকশা বেশ মানাবে নতুন পোশাকের সাথে। অনেকে নখে গাঢ় রঙের নেইল পলিশ ব্যবহার করেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, নেইল পলিশের রং যেন মেহেদির নকশাকে ছাপিয়ে না যায়। হাতের পাশাপাশি অনেকে পায়ে মেহেদি লাগাতে পছন্দ করেন। লতা, ফুল এবং অর্ধবৃত্তাকার নকশায় পা রাঙাতে পারেন। মেহেদির রং আরও বেশি লাল করার জন্য মেহেদি ওঠানোর পর ব্যবহার করতে পারেন চিনি ও লেবুর রস। চিনি ও লেবুর রস এক সাথে মিশিয়ে হাতে পায়ে মেখে শুকিয়ে নিতে হবে। রং যেন দ্রুত চলে না যায় কিংবা হালকা না হয়, সেজন্য ঈদের আগে পরে কয়েক দিন সাবান এবং পানি কম ব্যবহার করতে হবে। অনেকের অ্যালার্জির সমস্যা থাকে। বাজারের মেহেদি লাগালে র্যাশসহ নানা উপদ্রব দেখা দেয়। তাই সচেতন থাকতে হবে। বিশেষ করে শিশুদের হাতে মেহেদি লাগাতে নিতে হবে বাড়তি সতর্কতা। মেহেদি লাগানোর আগে হাতে পায়ে ল্যাকটো ক্যালামাইন ব্র্যান্ডের লোশন ব্যবহার করুন। বাজারের বিভিন্ন ধরনের মেহেদি বিক্রি হয়। যেসব মেহেদি আপনার হাতে সমস্যা তৈরি করে, সেগুলো এড়িয়ে চলুন। ভালো মানের টিউবি মেহেদি ব্যবহার করুন। ঈদের আনন্দে মেহেদির রঙে রাঙিয়ে তুলুন হাত।

