বাসের মধ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৯

S M Ashraful Azom
নারায়ণগঞ্জে বাসের মধ্যে ব্যবসায়ী নূরুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. লিটন, আনোয়ার হোসেন, মো. মিজান, আনোয়ার ইসলাম শাকিল, মো. শামীম হোসেন, শাকিল আহম্মেদ, ফারুক, বাবু ও হাবিবুর রহমান স্বপন। এদের মধ্যে চারজন সরাসরি নূরুল ইসলামকে হত্যায় অংশ নেয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
 
শনিবার রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, গ্রেফতারকৃত সবাই নূরুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তবে কেউ কেউ সরাসরি জড়িত।
 
কারা ওই হত্যায় অংশ নিয়েছিল এবং কারা পরিকল্পনাকারী তাদের ব্যাপারে বিস্তারিত না জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘পুলিশ এ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে অনেক তথ্য জানা গেছে। তাদের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো অনেক কিছু জানা যাবে।’
 
পুলিশ সুপার দাবি করেন, ঘটনার দিন নূরুল ইসলামের সঙ্গে থাকা ব্যাগে যে মূল্যবান কিছু ছিল তা আগে থেকেই জানতো ছিনতাইকারীরা। যে কারণে তারা বাসটির গতিরোধ করে শুধু নূরুল ইসলামকেই টার্গেট করে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তবে ছিনতাই হওয়া ব্যাগটি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি বলে পুলিশ সুপার জানিয়েছেন। ব্যাগটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
 
উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে ফেরার পথে লিঙ্ক রোডের ভূঁইগড় মাহমুদনগর এলাকার ছামাদ বানু ফিলিং স্টেশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে উত্সব পরিবহনের একটি বাসের গতিরোধ করা হয়। পরে বাসে উঠে চালকের আসনের পেছনে থাকা নারী আসনের দ্বিতীয় সারিতে বসা ব্যবসায়ী নূরুল ইসলামকে গুলি করে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top