ইন্টারনেট সপ্তাহে ‘ব্লাড হিরো’ অ্যাপ উন্মোচন

S M Ashraful Azom
জরুরী প্রয়োজনে দ্রুত রক্তদাতার সন্ধান পেতে উন্মোচিত হল ‘ব্লাড হিরো’ অ্যাপ। রবিবার রাজধানীর বনানী মাঠে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহে ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেন অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভিন আকতার সম্পা, হেড অব বিজনেস তানভীর তমালসহ প্রমুখ।

অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ব্লাড হিরো ডাউনলোড এবং নিবন্ধন করলেই তাৎক্ষণিক পাওয়া যাবে রক্তদাতার খবর। বিপদের সময় নির্দিষ্ট গ্রুপের রক্ত সংগ্রহে বিড়ম্বনা এড়াতে এতে থাকছে রক্তদাতাদের গ্রুপ ও এলাকাভিত্তিক তথ্য। অ্যাপটিতে জিপিআরএস ইন্টিগ্র্যাট থাকায় যে কোনও জায়গায় নির্দিষ্ট সীমার মধ্যে প্রয়োজনীয় গ্রুপের রক্তদাতাদের খুঁজে পাওয়ার সুবিধা এই অ্যাপের অন্যতম বৈশিষ্ট। সরাসরি ভয়েস অথবা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা যাবে রক্তদাতাদের সঙ্গে। সংরক্ষণও করা যাবে পরিচিতজনদের তালিকা।

নিরাপত্তাজনিত কারণে চাইলে রক্তদাতা নিজের মোবাইল নম্বরটি গোপন রাখতে পারবেন। ক্রিয়েটিভ আইটির মোবাইল অ্যাপ বিভাগের পাঁচজনের একটি দল তৈরি করেছেন যুগপোযুগী এই অ্যাপ। প্রধান অ্যাপ নির্মাতা পার্থ রাজ দেব এর সাথে আরও রয়েছেন তাইফুল হাসান শুভ, আল আমিন, কাজী জান্নাতুল ফেরদৌস এবং হালিমা আক্তার মিতু। অ্যাপ নির্মাতারা বলছেন, বিগত এক দশকেরও বেশি সময়ে মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধি পেলেও নিজের রক্তের গ্রুপ না জানা এবং রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারনা থাকায় অনেক উপযুক্ত সুস্থ ব্যক্তিই রক্ত প্রদান করতে পারেন না। আর তাই ব্লাড হিরোর স্টলে রক্তদান সম্পর্কে সচেতনতার পাশাপাশি স্টলে আগত দর্শকদের বিনামূল্যে রক্তের গ্রুপ চেক করার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে ইন্টারনেট সপ্তাহে ব্লাড হিরোর স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। অ্যাপ ছাড়াও একই ধরণের সব সেবা ব্লাড হিরোর ওয়েবসাইটেও (www.bloodherobd.com) পাওয়া যাবে।

প্রসঙ্গত, ক্রিয়েটিভ আইটি লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ‘ব্লাড হিরো’ অ্যাপ নিয়ে কাজ শুরু করেছে। আগামীতে এই সেবা আরও সম্প্রসারণের চিন্তা রয়েছে প্রতিষ্ঠানটির।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top