শিক্ষাকে পিছিয়ে দিচ্ছে সরকার: গয়েশ্বর

S M Ashraful Azom
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপের নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিশাল বাজেট পূরণ করতে গিয়ে সরকার মানবিক দিক ভুলে গেছে। এর মাধ্যমে তারা শিক্ষাকে এগিয়ে নেওয়ার বদলে পিছিয়ে দিচ্ছে।
 
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
অর্থমন্ত্রীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা সবার অধিকার। সবার শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। কিন্তু এখানে অনেক তারতম্য রয়েছে। এটা কেন থাকবে? সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র অল্প টাকায় পড়ছে। কিন্তু বেসরকারিতে অনেক খরচ। সরকার মেধাবী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে পারছে না।
 
অর্থমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, তিনি বার বার রাবিশ, বোগাস বলেন। বয়সের কারণে নিজের ভারসাম্য রাখতে পারেন না বলে হয়তো এমনটা বলেন। আমার ধারণা, সাধারণ মানুষের পাশাপাশি সরকারও মাঝে মাঝে তার কারণে বিব্রত হয়। বিশাল অঙ্কের বাজেট পূরণ করতে সরকারের জনগণের পকেট কাটা এবং ছিনতাই ছাড়া উপায় নাই।
 
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লার সভাপতিত্বে এতে বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top