ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পুনঃনিয়োগের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক।
দীর্ঘ দিন ধরে পরিচালনা পর্ষদের বৈঠকে অনুপস্থিত থাকায় তাকে পুনঃনিয়োগের অনুমতি দেয়া হয়নি বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস পরিচালক হিসেবে পুনঃরায় অনুমতি পেয়েছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে—কোনো পরিচালক, পরিচালনা পর্ষদের টানা তিনটি বৈঠক বা টানা তিন মাস অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ এমনিতেই শুণ্য হয়। তবে পরিচালনা পর্ষদের বিশেষ অনুমতি নিয়ে কেউ অনুপস্থিত থাকতে পারেন। মির্জা আব্বাস পর্ষদের অনুমতি নিয়ে অনুপস্থিত ছিলেন। তবে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা থাকায় ও আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পর্ষদের অনুমতির বিষয়টি এখন আর বিবেচনা না করে পুনঃনিয়োগের আবেদন নাকচ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রতিবছর পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে এক তৃতীয়াংশ পরিচালককে পদত্যাগ করতে হয়। ব্যাংকটিতে বর্তমানে রেশাদুর রহমানের নেতৃত্বে ১৬ জন পরিচালক আছেন। এদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার ছেলে মির্জা ইয়াসির আব্বাসসহ এক তৃতীয়াংশ পরিচালক সম্প্রতি পদত্যাগ করেন। এদের প্রত্যেকের আবার পুনঃরায় পরিচালক নিয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে ব্যাংক। মির্জা আব্বাস ছাড়া অন্য সবার পুনঃনিয়োগের অনুমতি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ১৯৯৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা ব্যাংকে বেশিরভাগ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়েত্বে ছিলেন মির্জা আব্বাস।

